ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সেনবাগে মোঃ আলা উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে। আলাউদ্দিন বীজবাগ ইউনিয়নের উত্তর বীজবাগ গ্রামের রশীদ মিস্ত্রী বাড়ির রুহুল আমিনের ছেলে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের উত্তর বীজবাগ মইলদিঘী এলাকার হাফেজ বাড়ীর মুক্তিযোদ্ধা শরিয়ত উল্যার বাড়ির ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আলাউদ্দিন ঋণ করে একটি অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করে আসছিল। কিছু দিন আগে অটোরিকশাটি চুরি হয়ে যায়। কিন্তু অটোরিকশা ক্রয়ের কয়েকটি কিস্তি বাকী থেকে যায়। একপর্যায়ে রিকাশা ক্রয়ের ঋণের দায়ে জজরিত হয়ে পড়ে সে আত্মহত্যা করে।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।