শীতে অন্যদের তুলনায় বেশি ঠাণ্ডা লাগে, থাকতে পারে যেসব রোগ

লাইফস্টাইল ডেস্ক।।
শীত অনেকের কাছেই বিশেষ পছন্দের ঋতু আবার কারো কাছে তেমন একটা ভালো লাগে না। এর অন্যতম কারণ শীত সেসব ব্যক্তিদের খুব বেশি কাবু করে ফেলে।

যদি কোনো ব্যক্তি অন্যদের তুলনায় শীতকালে বেশি কাবু হয়ে থাকেন কিংবা তার বেশি ঠাণ্ডা অনুভব হয়, তাহলে তা কিন্তু একটু চিন্তারই, এমনটাই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কারণ, শরীরে যদি অন্য কোনো রোগ বাসা বেঁধে থাকে, তাহলে তুলনামূলক বেশি ঠাণ্ডা অনুভব হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে জেনে নেওয়া যাক, কোন কোন রোগের কারণে শীতকালে অন্যদের থেকে বেশি ঠাণ্ডা অনুভূত হতে পারে।

>> ডায়াবেটিস এমন একটি মারাত্মক অসুখ, যা শুধুমাত্র কিডনিতেই প্রভাব ফেলে না শরীরে রক্ত সঞ্চালনেও খারাপ প্রভাব ফেলে। তাই যারা এ রোগে আক্রান্ত তাদের অন্যদের তুলনায় শীতকালে বেশি ঠাণ্ডায় কাবু হতে দেখা যায়। ডায়াবেটিস রোগীদের শীতে বেশি ঠাণ্ডা লাগা, কাশি কিংবা শ্বাস-প্রশ্বাসেও সমস্যা দেখা দেয়।
>> শরীরে যদি সঠিক মাত্রায় রক্ত না থাকে, তাহলে তা থেকে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলেই অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে। এর ফলে শীতকালে ঠাণ্ডাও বেশি লাগে। পুরুষের তুলনায় নারীরা অ্যানিমিয়াতে বেশি ভোগেন।
>> নিয়ম ছাড়া লাইফস্টাইল এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে মেটাবলিজম কমে যায়। এর ফলে শরীরের স্বাভাবিক তাপমাত্রাতেও তার প্রভাব পড়ে। যা শরীরকে ঠাণ্ডা করে দেয়।
>> শরীরে যদি ভিটামিন বি এর ঘাটতি দেখা যায়, তাহলে ঠাণ্ডা লাগা, ক্লান্তি, শ্বাস-প্রশ্বাসের সমস্যা এবং খিদে চলে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে। নিয়মিত ডিম, দুধ, পনির ইত্যাদি খাবারের তালিকায় রাখলে ভিটামিন বি এর ঘাটতি পূরণ হতে পারে।
>> স্নায়ুর সমস্যায় যারা ভোগেন, তাদেরও শীতকালে ঠাণ্ডা লাগার প্রবণতা বেশি দেখা যায়। এর সঙ্গে ক্লান্তি, মাথা ঘোরা, চোখ জ্বালা করার সমস্যাও থাকে।