শেবাচিম থেকে হাতকড়াসহ পালালেন আাসামি

রূপালী ডেস্ক।।
বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন মো. মাসুদ খান নামে চুরির মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার (০১ জানুয়ারি) সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান মাসুদ। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বাইরে নিরাপত্তা দেয় না বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

পালিয়ে যাওয়া মাসুদ বরিশাল নগরীর হাটখোলা এলাকার মো. হারুন খানের ছেলে।

দায়িত্বে অবহেলায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন নগর পুলিশ লাইন্সের কনস্টেবল মশিউর রহমান ও সজল ঘরামী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল করিম বলেন, নগরীতে একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার হন মাসুদ। পরে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহাড়ায় ছিলেন দুই পুলিশ সদস্য। শনিবার ভোরে ওই ব্যক্তি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, চিকিৎসকরা চিকিৎসা দেন। নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আইনশৃঙ্খলা বাহিনী।

পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।