পায়রা সেতুতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

অনলাইন ডেস্ক।।
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর পায়রা সেতুতে ট্রাকচাপায় শাখাওয়াত হোসেন (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম (৫০) নামে অপর একজন আহত হয়েছেন। শনিবার (০১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পায়রা সেতুর টোল প্লাজায় একটি নম্বরপ্লেট ছাড়া ট্রাক দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দিলে পুলিশ কনস্টেবল শাখাওয়াত হোসেন ও রফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাখাওয়াত হোসেনের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তি রফিকুল ইসলামকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহত পুলিশ কনস্টেবল শাখাওয়াত পটুয়াখালীর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে। আহত রফিকুল ও পুলিশের ওই কনস্টেবল সম্পর্কে মামাত-ফুফাত ভাই।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত পুলিশ সদস্য শাখাওয়াতের লাশ বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর অপেক্ষায় আছি।