মুলাদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ৩জন নিহত হয়েছে। রোববার (০২ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের কাজিরহাট ঈদগাঁ এলাকায় মুলাদী-মীরগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহতরা হলেন কাজিরচর ইউনিয়নের বড়ইয়া গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস আলী হাওলাদার (৬০), কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) এবং মোনাছেফ নলীর ছেলে রাজিব নলী (২৩)। এদের মধ্যে রাজিব নলী মোটরসাইকেল চালাচ্ছিলেন।

কাজিরচর ইউনিয়নের বড়ইয়া কাজিরচর এলাকার গ্রাম পুলিশ আব্দুল খালেক জানান, রাজিব নলী ওমানে থাকতেন। প্রায় ১ সপ্তাহ আগে তিনি দেশে আসেন এবং রোববার সকালে বিয়ের জন্য পাত্রী দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি কাজিরচরহাট ঈদগাঁ এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে রাস্তা ও পাশ্ববর্তী গর্তে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের লাশ থানায় নিয়ে আসেন। এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।