ভাইকে হত্যার ভয় দেখিয়ে বোনকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক।।
লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে তার কিশোরী বোনকে ছয়মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগে আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার চর মনসা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রশিদ সদর উপজেলার চর মনসা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। তিনি ভিকটিমের প্রতিবেশি এবং চার সন্তানের জনক। এ ঘটনায় দুপুরে ভিকটিমের খালা আকলিমা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীর বাবা-মা মানসিক প্রতিবন্ধী। অভিযুক্ত রশিদ ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে ছয় মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি মেয়েটির পিরিয়ড বন্ধ হয়ে গেলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। খবর পেয়ে ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ভিকটিমকে উদ্ধারের পর পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।