২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৫

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামে ১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৯৭ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে ৩৩ জন মহানগরের ও দুজন লোহাগাড়া ও পটিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৭১৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৩৩৩ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৮৩ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩২ জন। এর মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।