‘কোভিডকে সঙ্গে নিয়েই বাস করতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক।।
ইউরোপীয় মেডিসিন অ্যাজেন্সি বলেছে, ইউরোপ মহাদেশজুড়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ছড়িয়ে পড়া কোভিড-১৯ কে ‘মহামারি থেকে স্থানীয় রোগে’ (এনডেমিক ডিজেস) পরিণত করছে। মানবজাতিকে এই রোগকে সঙ্গে নিয়েই বসবাস করতে হবে।

এদিকে রেড ক্রস বলেছে, ওমিক্রনে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার হুমকিতে আছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পূর্বাভাস দিয়েছে, আগামী মার্চ মাসের মধ্যে ওমিক্রনে ইউরোপের অর্ধেকেরও বেশি মানুষ সংক্রমিত হতে পারে। খবর আল-জাজিরার।

ডব্লিউএইচও এও বলেছে, করোনাভাইরাসের বিবর্তন হতে থাকা ধরনের বিরুদ্ধে বারবার বুস্টার ডোজ দেওয়া কোনো ভালো কৌশল হতে পারে না। বরং গরীব দেশগুলোকে টিকার প্রথম ডোজ পেতে আরও চেষ্টা চালাতে হবে।

প্রসঙ্গত: যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ব্যাখ্যা অনুযায়ী, ‘এনডেমিক’ শব্দটি দিয়ে নির্দিষ্ট একটি এলাকায় নির্দিষ্ট একটি রোগের সংক্রমণের ভিত্তিরেখা বোঝানো হয়। যেমন ম্যালেরিয়ার কথা বলা যেতে পারে। রোগটি পৃথিবী থেকে একেবারে হারিয়ে যায়নি বা নতুন করে ফিরেও আসেনি। ম্যালেরিয়া দীর্ঘ সময় ধরে মানবজাতির সঙ্গে আছে। পৃথিবীর বিভিন্ন স্থানে ম্যালেরিয়া বিভিন্ন মাত্রায় বিদ্যমান, যা একটি এনডেমিক রোগ হিসেবে বিবেচিত হয়।