১ ম্যাচ হাতে রেখে ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতা সঙ্গী হয়েছে ভারতের। টেস্ট সিরিজ হারের পর ওয়ানডেতে ভারতীয়দের হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা। দুঃসময় পেছনে ফেলে কক্ষপথে ফিরেছে ভারত। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের জয় পায় টিম ইন্ডিয়া। আগামীকাল হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে ভারতের মোকাবিলা করবে উইন্ডিজরা।

রোহিত শর্মার অধীনে ভারতের প্রথম ওয়ানডে সিরিজ জয় এটি। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান তোলে ভারত। জবাবে প্রসিধ কৃষ্ণার আগুনে বোলিংয়ে মাত্র ১৯৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

দলের পক্ষে অর্ধশতক হাঁকান সূর্যকুমার যাদব। ক্যারিয়ারসেরা ইনিংস গড়ার দিনে ৮৩ বলে ৬৪ রান করেন তিনি, হাঁকান ৫টি চার। এছাড়া লোকেশ রাহুল ৪৯, দীপক হুদা ২৯, ওয়াশিংটন সুন্দর ২৪ ও বিরাট কোহলি ১৮ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ৭৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। শামার ব্রুকস বিপর্যয় প্রতিরোধের চেষ্টা করলেও তাকে থামতে হয় ৪৪ রানে। এরপর আকিল হোসাইনের ৩৪ ও ওডিন স্মিথের ২৪ রান করেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারও খেলা হয়নি ক্যারিবীয়দের। ৪৬ ওভারে গুটিয়ে যাওয়ার আগে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান। ভারতের পক্ষে ৯ ওভার বল করে মাত্র ১২ রানের খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার পান ক্যারিয়ার সেরা বোলিং ফিগার গড়া প্রসিধ কৃষ্ণা।

এছাড়া শার্দূল ঠাকুর ২ উইকেট নেন। একটি করে উইকেটের দেখা পান মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও দীপক হুদা।