‘মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মশকরা করছেন’

অনলাইন ডেস্ক।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মশকরা করছেন। বাণিজ্যমন্ত্রী বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই।

শনিবার (০৫ মার্চ) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার নিজেদের সিন্ডিকেটের হাতে বাজার লুটপাটের লাইসেন্স দিয়েছে। সরকারের মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মশকরা করছেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলছেন, বর্তমান সরকারের ১৩ বছরে দেশের মানুষের ক্রয়ক্ষমতা প্রায় তিনগুণ বেড়েছে। দ্রব্যমূল্য খুব কমই বেড়েছে। ক্রয় ক্ষমতা বেড়েছে শুধুমাত্র আওয়ামী লোকদের, এ কথাটি তথ্যমন্ত্রী এড়িয়ে গেছেন।

সরকার এখন শেষ বেলায় এসে নিত্যপণ্যের বাজারে ডাকাতি শুরু করেছে বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, করোনার অভিঘাতে বিপর্যস্ত মানুষ জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের মতো ধুঁকে ধুঁকে চলছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি নীরবে অশ্রুপাত করছেন। অল্প দামে পণ্য বিক্রির সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের পাশে লাইনে ক্ষুধার্ত মানুষের মিছিল চলছে।

রিজভী বলেন, দেশে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে। অপরদিকে সারা বিশ্বে বিরাজ করছে এক যুদ্ধাবস্থা। এমন পরিস্থিতিতে ৫০ জনের এক বিশাল বহর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় টাকা খরচ করে কী কারণে আরব আমিরাতে যাচ্ছেন এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত কয়েক বছর ধরে বিশেষ করে আরব আমিরাতে শেখ হাসিনার ঘন ঘন সফরের রহস্য কী? আমরা আশা করি, সরকারের মন্ত্রীরা বিষয়টি জনগণের সামনে খোলাসা করবেন। গত এক যুগে শেখ হাসিনা কেন বারবার আরব আমিরাত সফর করছেন তার নেপথ্যে কোনো বিশেষ কারণ রয়েছে কি না সাহস থাকলে সেটিও জনসমক্ষে প্রকাশ করবেন।