‘আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়েছে’

অনলাইন ডেস্ক।।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে। করোনার মধ্যে বিশ্বের মাত্র ২০টি দেশের জিডিপির ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তার মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানীয় দেশ। আমাদের মাথাপিছু আয় অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছিল। এখন ভারতকেও ছাড়িয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বেড়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ঢাকা ক্লাবে আয়োজিত টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ এ অ্যাওয়ার্ড ঘোষণা করে।

‘দেশের উন্নতির তথ্য-উপাত্ত ভুয়া’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে তাতে মানুষের মাথাপিছু আয় ৬০০ থেকে ২৬০০ ডলারে উন্নীত হয়েছে। এই বৃদ্ধি আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিশ্বের সবাই স্বীকার করেছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে। করোনার মধ্যে বিশ্বের মাত্র ২০টি দেশের জিডিপির ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তার মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানীয় দেশ বলে মন্তব্য করেন তিনি।

সারাবিশ্ব বাংলাদেশের উন্নতির স্বীকৃতি দিলেও মির্জা ফখরুল সাহেবদের এগুলো স্বীকার করতে কষ্ট হয়। দেশের মানুষের অগ্রগতি তাদের পছন্দ নয়, বিএনপি চায় দেশের মানুষ দরিদ্র থাকুক।

সংগঠনের সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথির বক্তব্য দেন।

লোক সংগীতশিল্পী মমতাজ বেগম, লেখক আনিসুল হক, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, টিভি সাংবাদিক শফিউল্লাহ সুমনসহ অর্ধশতাধিক। গণমাধ্যমকর্মীকে সম্মাননা প্রদান করা হয়।