‘অপয়া’ অপবাদে বাদ দেওয়া হয়েছিল বিদ্যাকে

বিনোদন ডেস্ক।।
ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের আলাদা খ্যাতি রয়েছে। তার অভিনীত বেশিরভাগ ছবিই নারীকেন্দ্রিক। সেসব ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা।

অথচ ক্যারিয়ারেরর শুরুতে ‘অপয়া’ অপবাদ দিয়ে বেশ কিছু ছবি থেকে বিদ্যাকে বাদ দিয়েছিলেন পরিচালকরা। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এ দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন সেই সময়ের করা।

ওই সাক্ষাৎকারে বিদ্যা জানান, তার প্রথম মালয়ালম ছবি আটকে যায় পরিচালকের সঙ্গে অভিনেতা মোহনলালের সমস‌্যা হওয়ায়। কিন্তু এর জন্য বিদ্যাকে দায়ী করা হয়। অনেকেই বলতে থাকেন, বিদ্যাই নাকি অপয়া। এই খবর ছড়িয়ে পড়তেই বিদ্যাকে বেশ কিছু ছবি থেকে বাদ দেওয়া হয়। কারণ অনেকের ধারণা হয়, ছবিতে বিদ্যাকে নিলেই নাকি ছবি আটকে যাবে।

বিদ্যা আরও জানান, ওই সময় দক্ষিণের এক সাংবাদিক তাকে নিয়ে একটা পজিটিভ অথচ ভুয়া খবর করতে চেয়েছিলেন। কিন্তু বিদ্যা রাজী হননি। কারণ তার মনে হয়েছিল, ভুয়া খবর করে অভিনেতা হওয়া যায় না।

ওই সাক্ষাৎকারে অনলাইন প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাওয়া বিদ্যা তার নতুন ছবি ‘জলসা’ নিয়েও কথা বলেছেন। বিদ্যা বালান ও শেফালি শাহ অভিনীত এই ছবিটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহের সৃষ্টি হয়েছে।

‘জলসা’ ছবিতে বিদ্যা সাংবাদিক ‘মায়া’-র চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটির চ‌্যালেঞ্জ প্রসঙ্গে বিদ্যা বলেন,‘মায়া মেনন’ চরিত্রটি যে কোনও পেশায় দেখা দিতে পারত। কিন্তু সাংবাদিক হওয়ার কারণে তার চ‌্যালেঞ্জ অনেক বেশি। মায়া তার কাজের ক্ষেত্রে সত্যের পথেই হাঁটার পক্ষপাতী। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যখন ক‌্যামেরার লেন্স তার ব‌্যক্তিগত জীবনের সত্যের দিকে ঘুরে যায়। তখন কী হয় সেটাই দেখায় ‘জলসা’।

ভারতীয় সিনেমার একশো বছর পেরিয়ে যাওয়ার পরেও লিড চরিত্রে নায়িকা থাকলে এখনও কেন ছবিটিতে ‘নারীকেন্দ্রিক’ছবি বলে উল্লেখ করা হয় এই প্রসঙ্গে বিদ্যা বলেন, নারীকেন্দ্রিক ছবি যত বেশি সাফল্যের মুখ দেখবে, আরও বেশি করে তৈরি হবে, তখন এই ধরনের লেবেলিং বন্ধ হবে।

‘জলসা’ছবিতে শেফালি শাহ্‌র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ওই সাক্ষাৎকারে বিদ্যা বলেন, শেফালির কাজের আমি অনেক দিনের ভক্ত। তিনি এমন একজন অভিনেতা যে নিজের কাজের দ্বারা অন‌্যকে প্রভাবিত করতে পারে।
‘পরিণীতা ‘ ছবির দৃশ্যে বিদ্যা

প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিয়ের পর বিদ্যা জানিয়েছিলেন নিজের স্বামী এবং প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের ছবিতে অভিনয় করবেন না। এর কারণ ব্যাখ্য করে বিদ্যা বলেন, আমাদের মনে হয়েছিল, এটা আমাদের সম্পর্ককে অনেক সুস্থ রাখবে। বিয়েটা আমাদের দু’জনের কাছেই খুব গুরুত্বপূর্ণ। পেশাগত কারণে দ্বন্দ্ব হলে তার প্রভাব বিয়েতে পড়বে। সেই রিস্ক নিতে চাইনি। তাছাড়া আমার চেয়ে অন‌্য কোনও অভিনেতাকে বেশি গুরুত্ব দিলে তা সে পৃথিবীর যত বড়ই স্টার হোক না কেন, মেরিল স্ট্রিপ হলেও –আমি কিছুতেই মেনে নিতে পারব না।