বরিশালে সাংবাদিক ইফতেখার আলীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক।।
দৈনিক সংগ্রামের বরিশাল জেলার সাবেক সংবাদদাতা মো. ইফতেখার আলী (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রজেউন। শনিবার (২৬ মার্চ) বাদ জোহর নগরীর পাওয়ার হাউজ জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে তাকে পলাশপুর কাজির গোরস্থানে দাফন করা হয়।

এর আগে ২৫ মার্চ বিকেলে নগরীর নিজ বাসায় অসুস্থ হলে রাতে তাকে লঞ্চযোগে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, তিন ভাই ও এক বোন রেখে যান।

ইফতেখার আলীর বাবা ইয়াকুব আলী ছিলেন সুসাহিত্যিক এবং বরিশাল প্রেসক্লাবের প্রবীণ সদস্য। ইফতেখার আলী ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সদস্য ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক দপ্তর সম্পাদক।

সাংবাদিক ইফতেখার আলীর জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশালের জিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান, বিএনপি নেতা হাবিবুর রহমান টিপু, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন, মুরাদ আহমেদসহ বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ।

জানাজা পূর্ব সমাবেশে বক্তারা মরহুম ইফতেখার আলীর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।