‘ইমরান খানই পাকিস্তানের আসল নায়ক’

অনলাইন ডেস্ক।।
পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পথে থাকা ইমরান খানের সমর্থনে এগিয়ে এসেছেন দেশটির অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী। অনেকে আবার ইমরানের খানের ওপর আনা অনাস্থা প্রস্তাবের বিরোধিতা করে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। ইমরান খানকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট করছেন তারা।

ইমরান খানের ওপর আনা অনাস্থা প্রস্তাবের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সায়রা ইউসুফ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের জনগণই আপনাকে নির্বাচিত করেছিলেন এবং আমি সব সময় আপনাকেই বেছে নেব।’

পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘প্যাহলি সে মোহাব্বাত’-এর অভিনেত্রী মায়া আলী মনে করেন, পাকিস্তানের জন্য ভালো কিছু করতে চান, রাজনীতিতে এমন একজনই আছেন। আর তিনি হলেন ইমরান খান। ইনস্টাগ্রামে মায়া আলী লিখেছেন, ‘কিছু নতুন করে গড়ে তুলতে সময় প্রয়োজন। তাকে (ইমরান) পাকিস্তানের প্রয়োজন।’

ইমরান খান পাকিস্তানের জন্য সব সময় ‘সত্যিকারের একজন নেতা’ হিসেবে থাকবেন বলে মনে করেন পাকিস্তানি ছবি ‘ইশরাত মেড ইন চায়না’-এর অভিনেতা আলী কাজমি। টুইটারে তিনি লেখেন, ‘আমরা যদি তাকে হারাই, তাহলে এটা দেশের ভবিষ্যতের জন্য দুঃখজনক হবে।’

ইমরানের প্রতি সমর্থন জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার শাহভির জাফরি ও জাইদ আলী। টুইটারে শাহভির জাফরি লিখেছেন, ‘ইমরান খানের মতো চ্যাম্পিয়ন হন। পেছন থেকে ছুরিকাঘাতের শিকার ও আহত হওয়ার পরও তিনি যুদ্ধে চ্যাম্পিয়নের মতো লড়ছেন।’ অপর দিকে ইমরানকে পাকিস্তানের ‘শেষ আশা’ হিসেবে বর্ণনা করেছেন জায়িদ আলী।

ইনস্টাগ্রামে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি ছবি প্রকাশ করেছেন দেশটির সাবেক মডেল আনাম মালিক। সেখানে ইমরানকে পাকিস্তানের ‘আসল নায়ক’ বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ইমরানের পক্ষে পাকিস্তানের যেসব তারকা দাঁড়িয়েছেন, তাদের মধ্যে আরও রয়েছেন সাবা কামার, হুমায়ুন সাইদ, আদনান সিদ্দিকী, মাহিরা খান, বিলাল মাকসুদ, অ্যানি খালিদ, শান শাহিদ, মুনিব বাট, আইমান খান ও সামিনা পীরজাদা।