‘বিদেশিদের কাছে দৌড় দেয় বিএনপি’

অনলাইন ডেস্ক।।
‘সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’ মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল সাহেবরা তো কথায় কথায় বিদেশিদের কাছে দৌড় দেয়, কোনো কিছু হলেই বিদেশি রাষ্ট্রদূতদের ডেকে কথা বলে। এমনকি ফখরুল সাহেব নিজে চিঠি লিখেছিলেন কংগ্রেসম্যানদের কাছে, বাংলাদেশের সাহায্য বন্ধ করতে।

তিনি বলেন, আওয়ামী লীগের সরকারের ভিত জনগণের মধ্যে। এখানে কাউকে বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে না। আমরা জনগণের ক্ষমতায় বলিয়ান, আমরা জনগণের ক্ষমতাতে বিশ্বাস করি।

শনিবার (০৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে নবগঠিত ‘দক্ষিণ রাঙ্গুনিয়া’ থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। এর আগে ফিতা কেটে নতুন থানার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশকে যাতে সাহায্য বন্ধ করে দেয়, জিএসপি সুবিধা যাতে বাতিল করে এজন্য চিঠি লিখেছিলেন। এজন্য নিজের নামে নিবন্ধ লিখেছেন ওয়াশিংটন টাইমসে। যারা কথায় কথায় বিদেশিদের কাছে দৌড় দেয় তারাই এ সমস্ত উদ্ভট কথা বলতে পারে।

সম্প্রতি সাম্প্রদায়িক উস্কানি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে বিভিন্ন সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য অপচেষ্টা হয়, সেগুলো আমরা সবসময় কঠোর হস্তে দমন করেছি। কে হিজাব পরবে কিংবা পরবে না সেটি তার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং এ নিয়ে বিতর্ক তৈরি করার কোনো সুযোগ নেই। কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে সেটি আমরা কঠোর হস্তে দমন করবো।