অতঃপর বিয়ের আসর থেকে আসামি গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে পলাতক আসামীকে গ্রেপ্তারের পর নামের বিভ্রাটের অজুহাতে ছেড়ে দেয় পুলিশ। বিষয়টি ফাঁস হলে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় বিয়ের আসর থেকে পুণঃরায় ওই আসামীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে পৌর শহরের বহেরাতলা থেকে তাকে গ্রেপ্তার করে ওই দিন গভীর রাতে ছেড়ে দেয়া হয়।

নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, উপজেলার আমুরবুনিয়া গ্রামের আব্দুল খালেক তালুকদারের পুত্র প্রবাসী রাসেল ওরফে বাবু (৩০) ২০১২ সালে সিলেটের একটি মারামারি মামলায় আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করে । ওই ওয়ারেন্ট নিয়ে বাবু পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ায়। এমনকি দীর্ঘ কয়েক বছর প্রবাসে থেকে সম্প্রতি বাড়িতে আসে। এদিকে ওয়ারেন্ট তামিল করতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এস আই কামরুল ইসলাম বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে তাকে আটক করে থানা হাজতে রাখেন। পরে রহস্যজনক কারনে গভীর রাতে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় জনমনে পুলিশ সম্পর্কে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় শুক্রবার বিকেল উপজেলার বড়শৌলা গ্রামের বিয়ের আসর থেকে তাকে পুণঃরায় গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবু ওরফে রাসেল তালুকদার উপজেলার আমরবুনিয়া গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে ও তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের ভাগিনা।

তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার জানান, তার ভাগিনা রাসেল সম্প্রতি বিদেশ থেকে দেশে আসে। শুক্রবার তার বিয়ের দিন ধার্য থাকায় আমি মানবিক কারনে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছিলাম। কিন্তু রাতে থানার ওসি আমাকে জানায় তার (রাসেল) বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পরে জানতে পারি পাশ^বর্তি ধানীসাফা ইউপি চেয়ারম্যান বাবু নামে প্রত্যয়ন দেয়ায় আমার ভাগিনাকে ছেড়ে দেয়া হয়।

ধানীসাফা ইউপি চেয়ারম্যান মো. হারুন তালুকদার প্রত্যয়ন দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন-ওই ব্যক্তির নাম যে রাসেল তা তার জানা ছিলো না।

মঠবাড়িয়া থানার এস আই কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তিকে রাসেল নামে গ্রেপ্তার করা হয়। কিন্তু ধানীসাফা ইউপি চেয়ারম্যান প্রত্যয়ন দিয়েছেন ওই ব্যাক্তি বাবু। নামে মিল না থাকায় ছেড়ে দেয়া হয়েছে।

ওসি মুহা নূরুল ইসলাম বাদল বলেন, নামের বিভ্রাটের কারনে তাকে ছেড়ে দেয়া হয়েছিলো। পরে যাচাই বাছাই করে ওই ব্যক্তিকে শুক্রবার বিকেলে পুণঃরায় গ্রেপ্তার করা হয়েছে ।