চীনে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক।।

চীনের একটি মহাসড়কে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ১১৭ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৩ জুন) দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েইনলিং শহরের কাছে এ ঘটনা ঘটে। বিস্ফোরণটির ফলে নিকটস্থ বাড়িঘর এবং কারখানাগুলো ধসে পড়েছে। এছাড়া আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেছে।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসাবশেষের একটি বড় টুকরা উড়ে এসে পাশের কয়েকটি ভবনে আঘাত হানে। আগুনের কুণ্ড আকাশের দিকে উঠছে এবং মানুষজন চিৎকার করছে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, ট্যাংকারের ধ্বংসাবশেষ এবং ট্রাকের কয়েকটি চাকা একটি ভবনে প্রচণ্ড গতিতে আঘাত করেছে।

সিসিটিভি জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। আহত ১১৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর পর বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র-ডেইলি সাবাহ।