‘বাটপারের বিয়ে’

বিনোদন ডেস্ক।।
চিত্রনায়ক কায়েস আরজু। চলচ্চিত্রে নিয়মিত হলেও বর্তমানে তার হাতে সিনেমার খুব একটা কাজ নেই। আর তাই নাটকে অভিনয় করছেন তিনি। ‘বাটপারের বিয়ে’র মাধ্যমে দীর্ঘদিন পর নাটকে ফিরলেন আরজু। এতে তার সঙ্গী হয়েছেন সুস্মিতা সিনহা।

কায়েস আরজু বলেন, ‘কমেডি গল্পের নাটক। কাজ করে খুব ভালো লাগলো। বেশ মজা পেয়েছি। আমার বিশ্বাস দর্শকও নাটকটি উপভোগ করবেন।’

নাটকের গল্পে দেখা যাবে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করা জিসান ব্যাচেলর হওয়ার কারণে বাসা ভাড়া নিতে পারছিলেন না। কোনো উপায় না পেয়ে রাস্তা থেকে এক ভিক্ষুককে মা সাজিয়ে বাসা ভাড়া নেন তিনি। কিছুদিন পর বাড়িওয়ালার মেয়ে জারার সঙ্গে প্রেম হয় জিসানের। এদিকে ভিক্ষা ছেড়ে ফ্ল্যাটে বাস করলেও ভিক্ষার অভ্যাস যায়নি মা সেজে থাকা জোসনার। একদিন বাসার নিচে তার ভিক্ষুক পার্টনার রহিমের সঙ্গে দেখা হয়। রহিম জিসানকে ব্ল্যাকমেইল করে তার ফ্ল্যাটেই থাকা শুরু করে। জোসনা ও রহিম মিলে বাড়ি থেকে চুরি করে পালাতে যায়। কিন্তু জারা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে জিসান হবু স্ত্রী জারাকে সবকিছু খুলে বলে।

জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ‘বাটপারের বিয়ে’ নাটকটি পরিচালনা করেছেন রাফসান সানি। এতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম, রেশমা আহমেদ, হারুন রাশিদ বান্টিসহ অনেকেই।

প্রসঙ্গত, কায়েস আরজু অভিনীত চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হলো- ইফতেখার চোধুরী পরিচালিত ‘মুক্তি’, মেহেদি পরিচালিত ‘আগুনে পোড়া কান্না’, জাফর আল মামুন পরিচালিত ‘এক পশলা বৃষ্টি’, সাখাওয়াত হোসেন পরিচালিত ‘অপুর বসন্ত’।