‘হাওয়া’ সিনেমার প্রদর্শন বন্ধে লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্ক।।
মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই গানে গানে আলোচিত এই সিনেমা এখন প্রেক্ষাগৃহগুলোতে হাউসফুল যাচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে অগ্রিম টিকিটও। তবে বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগে ‘হাওয়া’ সিনেমার প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সেন্সর বোর্ডকে এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশপ্রাপ্তির সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও হাওয়া সিনেমার ছাড়পত্র বাতিল করে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে প্রচার, সম্প্রচার ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণার দাবি করা হয়েছে। পাশাপাশি সেন্সরবোর্ড পুনঃগঠন করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য, আইনজীবী ও পরিবেশবিদদের সেন্সর বোর্ডের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করার জন্য উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোন সিনেমার ছাড়পত্র প্রদানের পূর্বে চলচ্চিত্রটিতে যেন ভায়লেন্স পূর্ণ খুনের দৃশ্য, অশ্লীল গালি এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর কোন ধারার লঙ্ঘন না হয় সেই ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে।

এর আগে এই সিনেমায় একটি শালিক পাখিকে আটকে রাখার দৃশ্য নিয়ে পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপর গত ১১ আগস্ট বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ‘হাওয়া’ সিনেমাটি দেখেন বন বিভাগের অপরাধ দমন ইউনিটের চার সদস্যবিশিষ্ট একটি দল। তারা জানান, এতে বন্যপ্রাণী আইন লঙ্ঘন করা হয়েছে। পরবর্তীতে নির্মাতার বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

গত বুধবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়। নির্মাতা মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে করা মামলায় বাদী হয়েছেন বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা। সাক্ষী করা হয়েছে তদন্ত কমিটিতে কাজ করা অন্য তিন সদস্য আবদুল্লাহ আস সাদিক, অসীম মল্লিক ও রথিন্দ্র কুমার বিশ্বাসকে।

প্রসঙ্গত, তারকাবহুল ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।