‘সমাবেশ করে সরকারের পতন ঘটানো যাবে না’

অনলাইন ডেস্ক।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়, এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রথিত আওয়ামী লীগের শেকড়। কয়েকটি সমাবেশ করে সরকারের পতন ঘটানো যাবে না। সোমবার (১৭ অক্টোবর) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে- এমনটি যারা ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন উচ্চ আদালত, এটি আওয়ামী লীগ সরকারের কোনো সিদ্ধান্ত নয়। ২০৪১ সাল পর্যন্ত কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না- তা একমাত্র আল্লাহ এবং দেশের জনগণ জানেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাসী, জনগণের আস্থার প্রতি শ্রদ্ধাশীল। দেশের মানুষ চাইলে আওয়ামী লীগ সরকার গঠন করবে, না চাইলে করবে না। এ সৎ সাহস শেখ হাসিনার আছে।

তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়, জনগণের কল্যাণে কাজ করলে জনগণ কখনো কাউকে বিমুখ করে না। আর সেজন্য আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে আসছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। ষড়যন্ত্র, হত্যা ও আগুন সন্ত্রাসের রাজনীতি করে বিএনপি।