নিজের বায়োপিক নিয়ে কেন আগ্রহী নন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক।।
শক্তিমান অভিনেতা হিসাবে মিঠুন চক্রবর্তীর পরিচিতি অনন্য। তার অভিনয়ে মুগ্ধ ঢালিউড, টলিউড ও বলিউড দর্শকরা। এখনো অনেকের মুখে ফেরে তার বিখ্যাত সংলাপগুলো। তবে জনপ্রিয় এ অভিনেতার অতীত গল্প কজনই বা জানেন? সম্প্রতি ভারতের একটি টিভি অনুষ্ঠানে নিজের অতীত গল্প শোনালেন প্রখ্যাত এ অভিনেতা। অনুষ্ঠানে অতীতে তার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার কথাই বলেছেন।

একই অনুষ্ঠানে নিজের বায়োপিক যাতে নির্মাণ না করা হয় সেটাও বলেছেন কঠোরভাবে। মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি চাই না আমার বায়োপিক নির্মিত হোক। কারণ আমার জীবনে যা ঘটে গেছে তা যেন অন্য কারও জীবনে না ঘটে। অনেকেই তো নানা রকম কষ্ট করে এসেছেন। এখনো কেউ কেউ করছেন। কিন্তু আমাকে ভয়াবহ পথ পাড়ি দিতে হয়েছে। আমাকে আমার গায়ের রং নিয়ে কটাক্ষ করা হতো।

অনেক বছর আমাকে এ অপমান সহ্য করতে হয়েছে। এমনও দিন গেছে আমাকে খালি পেটে ঘুমাতে হয়েছে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি। দুপুরে কি খাব বা খাবার পাব কি না তা ভাবতে হয়েছে। অনেক দিন আমি ফুটপাথে ঘুমিয়েছি। আমি চাই না এসব পর্দায় উঠে আসুক।’ এ কারণেই চান না তার বায়োপিক বানানো হোক। তিনি বলেন, ‘আমি চাই না আমার জীবনের মতো অন্য কেউ এমন কষ্ট দুর্দশা ভোগ করুক। হিট সিনেমা দিয়েছি বলে আমি লেজেন্ড নই। নিজেকে কখনো লেজেন্ড ভাবি না, কারণ আমি সব কষ্ট আর জীবন সংগ্রাম পার করে এসেছি।’