বরিশালে সেই কাটা পায়ের রহস্য উদঘাটন

রূপালী ডেস্ক॥
গত রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে বরিশালে সড়কের পাশে একটি ব্যাগ থেকে কাটা পা উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

জানা যায়, স্থানীয়রা রা‌তে এক‌টি ব্যাগ দেখ‌তে পায়। প‌রে সেই ব্যাগের মধ্যে কাটা পা দেখা‌র পর পুলিশকে খবর দেয় তারা। ঘটনাস্থ‌লে গি‌য়ে কাটা পা উদ্ধার করেন কোতয়ালী মডেল থানা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক আরাফাত হাসান।

পা টি উদ্ধারের পরে এটি নিয়ে নগরীতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি কার পা তার সঠিক তথ্য না পাওয়ায় নগরবাসীর মনে নানা ধরনের প্রশ্ন জাগে।

আর পা টি উদ্ধারের পর থেকেই এর রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে কোতয়ালী মডেল থানা পুলিশ। অবশেষ সেই পায়ের রহস্য উদঘাটন করলেন পুলিশ।

কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকার মৃত. আজিজ মোল্লার স্ত্রী ৮০ বছর বয়সী সুরাইয়া বেগম পায়ে পচন ধরায় গত ২৪ ডিসেম্বর নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অর্থপেডিস্কের চিকিৎসক ডাঃ রেজাউন রেজার তত্বাবাধায়নে ওই নারীর পচন ধরা পা কেটে ফেলা হয়।

ওই নারীর এক স্বজন জানায়, নিয়মানুযায়ী ওই পায় মাটি চাপা দেওয়ার কথা থাকায় সুরাইয়া বেগমের ভাই পা টি নিয়ে মাটি চাপা দেওয়ার উদ্দেশ্যে বের হয় তবে বরিশালের তেমন কোন জায়গা পরিচিত না থাকায় ওই লোক সহয়তা নেয় এক রিকসা চালকের। সেই রিকসা চালক পা টিকে মাটি চাপা দেওয়ার কথা বলে নিয়ে গেলেও তিনি তা না করে ব্যাগটি ফেলে রেখে যায়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালী মডেল থানা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক আরাফাত হাসান ব‌লেন, ২৫তারিখ রাতে সংবাদ পেয়ে যখন আমরা ঘটনাস্থলে গিয়ে পা টি উদ্ধার করি তখন প্রাথমিকভাবে আমরা এর কোন ক্লু পাই নি। এটি নিয়ে তদন্ত শুরু করার পরে আমরা জানতে পারি উদ্ধার হওয়া ওই পা টি রাহাত আনোয়ার হাসপাতালের এক নারী রোগীর। পচন ধরার কারনে অপারেশনের মাধ্যমে তার পাটি কেটে ফেলা হয়েছিলো।