চীনা ৫ সেনা নিহতের দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে তিন ভারতীয় সেনা নিহত হওয়ার পাশাপাশি পাচঁ চীনা সেনাও নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৫ জুন) রাতে ভারত ও চীনা বাহিনীর সংঘর্ষে তিনজন ভারতীয় সেনা সদস্য মারা যান। পাশাপাশি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পাঁচ সদস্যও প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১১ জন।

এদিকে চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদকও এক টুইট বার্তায় গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার পাল্টা গুলিতে চীনের সেনার মৃত্যুর কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, “যতদূর জানাগেছে, গালওয়ান উপত্যকার সংঘর্ষে চীনের দিকেও প্রাণহানি হয়েছে। আমি ভারতকে বলতে চাই, এত আগ্রাসন ভালো নয়। চীনের সহনশীলতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। চীন ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, আবার যুদ্ধ করতে ভয়ও পায় না।”

দুই দেশের সম্পর্কের গত কয়েক দশকের টানাপড়েনের মধ্যেও এত রক্তক্ষয়ী ‘সংঘর্ষ’ কখনো হয়নি। সোমবার রাতের সংঘর্ষে হাতাহাতির পাশাপাশি দুই দেশের সেনাই মারণাস্ত্র ব্যবহার করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যের এই উত্তেজনা বিশ্বশান্তির জন্য রীতিমতো অশনি-সংকেত দিচ্ছে।