দুই উদ্দেশ্যে আ. লীগের প্রার্থী হতে চান নায়িকা মাহি

অনলাইন ডেস্ক।।
বিএনপির ছেড়ে দেওয়া একাদশ জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ লক্ষ্যে (বৃহস্পতিবার) বিকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন কেনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহি। কেন অভিনয় জগতের মানুষ হয়ে নৌকার প্রার্থী হতে চান, সেটি জানতে চান সাংবাদিকরা। জবাবে মাহি বললেন- দুই উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রার্থী হতে চান তিনি।

দুটি উদ্দেশ্য তুলে ধরে এই নায়িকা বলেন, ‘এক. আমার নির্বাচনি এলাকা অনেকাংশে পিছিয়ে আছে। সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করা। দুই. বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিমাণ উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা। আমার এলাকায় প্রচার করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যেসব উন্নয়ন করেছেন।’

আগামী ১ ফেব্রুয়ারি এই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। মাহি বলেন, ‘আমি স্বামীকে বলেছিলাম, ন্যূনতম ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব ও এই আসন নৌকাকে এনে দেব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসন শূন্য হয়। এখানে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসন থেকে নির্বাচন করতে চান মাহি।