অবশেষে অপসারণ করা হচ্ছে পায়রা বন্দরের হেলে পড়া সীমানা গাইড ওয়াল

কুয়াকাটা প্রতিনিধি॥
অবশেষে অপসারণ করা হচ্ছে পায়রা বন্দরের হেলে পড়া ২০০ ফুট সীমানা গাইড ওয়াল। মঙ্গলবার (৩১ জানিুয়ারি) শেষ বিকালে বন্দর কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ অপসারণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানী। এতে কিছুটা স্বতি ফিরেছে বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মানুষের মাঝে।

সোমবার সন্ধ্যায় নির্মাণ কাজ শেষ হতে না হতেই হেলে পড়ে পায়রা বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পাশের ১০০ ফুট গাইড ওয়াল। এসময় ক্ষতিগ্রস্থ হয় আরও একটি ১০০ ফুট দৈর্ঘ্যরে গাইড ওয়াল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে টনক নড়ে বন্দর কৃর্তপক্ষের। ১১ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ হাজার ফুট দৈর্ঘ্যরে এ সীমানা গাইড ওয়ালের নির্মাণ কাজ করছে এবিএম ওয়াটার কোম্পানী।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে হেলে পড়া গাইড ওয়াল অপসারণ করে নতুন করে নির্মাণের নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।