‘মুলাদী উপজেলা ও পৌরবিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা না হলে আন্দোলন’

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলায় শনিবার (১১ ফেব্রুয়ারী) বেলা ৩টায় মুলাদী প্রেসক্লাব শাহজাহান মাহমুদ হল রুমে বিএনপির মুলাদী উপজেলা ও পৌরসভারসদ্য ঘোষিত আহবায়ক কমিটি বিলুপ্তির জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুলাদী সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল।

তিনি তার বক্তব্যে বলেন, গত ০৮/০২/২০২৩ইং তারিখ, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মাদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান স্বাক্ষরিত অনুমোদিত মুলাদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির তালিকা ১০/০২/২০২৩ইং তারিখ মধ্য রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।

উপজেলায় ৬১ ও পৌর সভায় ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। যাহার অধিকাংশ অযোগ্য, অদক্ষ, শৃঙ্খলাবিরোধী ও দলছুট নেতাদেরকে নিয়ে গঠিত হয়েছে। কমিটির অধিকাংশই ঢাকা ও বরিশালে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের সাথে মুলাদী উপজেলা ও পৌর বিএনপির রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা নেই। কোন কোন ক্ষেত্রে উক্ত কমিটির সদস্যদের ক্ষমতাশীলদের সাথে আতাত করে চলতে দেখা যায়। মুলাদী উপজেলা ও পৌর বিএনপির রাজনীতিতে ও চলমান সরকার বিরোধী আন্দোলনে তাদের দেখা যায়নি। তারাই এই কমিটির অন্তর্ভূক্ত হওয়ায় ত্যাগী বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে এবং পরীক্ষিত নেতাকর্মীরা উক্ত কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে।

হতাশায় ভরা এই কমিটি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারুণ্যের অহংকার আগামীর দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে কোন ভূমিকা রাখতে পারবে না। পকেট কমিটি গঠনের কারনে দেখা যায় একই পরিবারের ৪/৫ জনকে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।

ব্যবসায়ী, দালাল, চাটুকার অর্থ বাণিজ্যের মাধ্যমে এই কমিটিতে স্থান পেয়েছে। এমন কি সদ্য ঘোষিত কমিটি প্রকাশ হওয়ায় কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে (মুলাদী-বাবুগঞ্জের) ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজিবী আলহাজ্ব এ্যাড. জয়নুল আবেদীন সাহেবের নিজ ফেইসবুক আইডিতে তিনি লিখেন। সদ্য ঘোষিত মুলাদী উপজেলা ও পৌর বি.এন.পির আহবায়ক কমিটির সাথে আমি একমত নই।

সুতরাং এতেই প্রমাণিত হয় উক্ত কমিটি অর্থ বাণিজ্যের মাধ্যমে করা হয়েছে। বি,এন,পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহামান এবং বিএনপির মহা-সচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমাদের বিনীত অনুরোধ অনতিবিলম্বে উক্ত কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিতদের যাথাযথ মূল্যায়ন করে নতুন কমিটি দেওয়া হোক। এর ব্যত্যয় ঘটলে এই কমিটির বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ডলির পক্ষে উক্ত কমিটির তীব্রনিন্দা জ্ঞাপন করছি।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আবিদুর রহমান শরীফ, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ ইউসুফ আলী প্যাদা, মুলাদী পৌরসভা বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ শাজাহান বেপারী, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটু, মুলাদী পৌরসভা বিএনপি ৭নং ওয়ার্ড সভাপতি আক্তার হোসেন আকনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ।