৩০তম শিরোপার সামনে দাঁড়িয়ে আজ রোনালদো

স্পোর্টস ডেস্ক।।

তার রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্বের ফুটবলপ্রেমীরা; কিন্তু কোপা ইতালিয়া সেমিফাইনালের ফিরতি লেগে এসি মিলানের বিরুদ্ধে শুধু পেনাল্টিই নষ্ট করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো, নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না। অথচ স্প্যানিশ লা লিগায় প্রত্যাবর্তনের ম্যাচে লিওনেল মেসির জাদুতে মায়োরকাকে চূর্ণ করেছে বার্সেলোনা। শুধু তাই নয়, লেগানেসের বিপক্ষেও গোল করেছেন মেসি, সেই পেনাল্টি থেকেই।

এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ রাত ১টায় রোমে দর্শকশূন্য স্টেডিয়ামে ন্যাপোলির বিরুদ্ধে কোপা ইতালিয়ার ফাইনালে নিজেকে প্রমাণ করতে মরিয়া সিআর সেভেন। কারণ, ক্লাব আর জাতীয় দল মিলিয়ে যে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। আজ ন্যপোলিকে হারাতে পারলেই ক্যারিয়ারের ৩০তম শিরোপা হাতে তুলে নিতে পারবেন সিআর সেভেন।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো নিজের দেশ ও বিভিন্ন ক্লাবের হয়ে এখনও পর্যন্ত ২৯টি ট্রফি জিতেছেন। আজ কোপা ইতালিয়ায় জুভেন্টাস চ্যাম্পিয়ন হলেই ৩০তম ট্রফির স্পর্শ পর্তুগিজ অধিনায়ক।

অথচ কোপা ইতালিয়ার সেমিফাইনালে ঘরের মাঠে এসি মিলানের বিরুদ্ধে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। ম্যাচের শুরুতেই পেনাল্টি নষ্ট করেন।

২০১৯ সালের জানুয়ারিতে মাসে শেষবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন রোনালতো। ইতালির একটি ক্রীড়া সংবাদ মাধ্যমের ব্যাখ্যা, এসি মিলানের বিরুদ্ধে ফরোয়ার্ডের বদলে লেফ্ট উইঙ্গার হিসেবে রোনালদোকে খেলান মাওরিসিও সারি। নতুন পজিশনে মানিয়ে নিতে না পারার জন্যই ছন্দ হারান সিআর সেভেন।

যদিও জুভেন্টাস কোচ সারি সে যুক্তি মানেননি। বলেন, ‘রোনালদোর সঙ্গে আমি এ ব্যাপারে আলোচনা করেছিলাম। সে অসাধারণ ফুটবলার। আমার মনে হয় না, পজিশন বদলে যাওয়ার প্রভাব তার খেলার মধ্যে পড়েছিল।’

কোপা ইতালিয়ার ফাইনালে রোনালদোকে সামনে রেখেই যে ন্যাপোলিকে হারানোর রণনীতি সাজাচ্ছেন, তার ইঙ্গিত দিয়েছেন সারি। চোটের কারণে আরেক স্ট্রাইকার গনজালো হিগুয়াইনের খেলার সম্ভাবনা ক্ষীণ। পাওলো দিবালা, ডগলাস কস্তার সঙ্গে রোনালদোকে রেখে ৪-৩-৩ ছকে খেলার পরিকল্পনা জুভেন্টাস ম্যানেজারের।

কারণ, এ ম্যাচটা তার কাছেও অগ্নিপরীক্ষাও। জুভেন্টাসের ম্যানেজার হিসেবে প্রথম ট্রফি জিততে মরিয়া সারি বলছেন, ‘নাপোলি দারুণ দল। তাই আমাদের সংঘবদ্ধ হয়ে খেলতে হবে।’

নাপোলি ম্যানেজার জেনারো গাত্তুসোকে নিয়ে যে তিনি চিন্তিত, তা গোপন করেননি সারি। বলছেন, ‘গাত্তুসো আমার অত্যন্ত প্রিয়। ওর মধ্যে কোনও জটিলতা নেই।’

দু’দলের মধ্যে ব্যবধান তৈরি করে দিতে পারেন রোনালদো। জুভেন্টাস তাকিয়ে তার দিকেই। অধিনায়ক কিয়েলিনি ম্যাচের আগে রোনালদোর কথাই বলেছেন, ‘তাকে নিয়ে কোনও আলোচনার দরকার নেই। কি করতে হবে, তার চেয়ে ভালো কেউ জানে না।’

তবে রোনালদোর সাজানো বাগান নষ্ট করার জন্য প্রস্তুত ন্যাপোলিও। ফুটবল ক্যারিয়ারে নজরকাড়া সাফল্য থাকলেও কোচ হিসেবে এখনও সাফল্যের মুখ দেখা কিংবদন্তি ফুটবলার, ন্যাপোলির কোচ জেনারো গাত্তুসোর। নাপোলির দায়িত্ব নিয়ে এবার গাত্তুসো স্বপ্ন দেখা শুরু করলেন। ইতালিয়ান ফুটবলে তাকে বলা হয় জেনারেল।