বিয়ে হয়ে গেল প্রেমিকার, অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলো প্রেমিক

অনলাইন ডেস্ক।।
ভোলার দৌলতখানে প্রেমিকার দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় পারভেজ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়ী থেকে বুধবার (১৭ জুন) সন্ধ্যায় পারভেজকে গ্রেপ্তার করা হয়। সে ওই ইউনিয়নের একই ওয়ার্ডের শাহাজাহান বেপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পারভেজ তার প্রতিবেশি ওই যুবতীকে এক বছর আগে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুযোগ নিয়ে পারভেজ তাকে বিভিন্ন যায়গায় ঘুরতে নিয়ে অগোচরে সুকৌশলে অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ধারণ করে।

পুলিশ পরিদর্শক আরও জানান, গত ৪ মাস পূর্বে অভিভাবকরা ওই যুবতীকে অন্যত্রে বিবাহ দিয়ে দেয়। এরপর গত ৯ জুন ওই অশ্লীল ভিডিও ইমু , ব্লুটুথ ও শেয়ারইট এর মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর এজাহারভুক্ত একমাত্র আসামী পারভেজকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।