২২ বিদেশী পর্যটক নিয়ে পিরোজপুরে ভারতীয় প্রমোদতরী

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
ভারত থেকে আসা বিশ্বের দীর্ঘ যাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন পিরোজপুরের কাউখালীতে অবস্থান করছে। এতে রয়েছে নরওয়ের ১৯ জন, ব্রিটিশ একজন ও দু’জন কানাডিয়ান পর্যটক।

শুক্রবার (০৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাউখালী স্টিমার ঘাটে জাহাজটি নোঙর করে।

জানা গেছে, ১ এপ্রিল কলকাতা থেকে ওই পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করে ‘গঙ্গা বিলাস’। পরে ৪ এপ্রিল মঙ্গলবার খুলনার কয়রার আংটিহারা বন্দর হয়ে বুধবার মোংলা বন্দরে প্রবেশ করে জাহাজটি। শুক্রবার পূর্ব সুন্দরবনের করমজল ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষে বিকেলে কাউখালীর উদ্দেশে ছেড়ে আসে ‘গঙ্গা বিলাস’।

৬২ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। তিনটি ডেকসহ পাঁচ তারকা মানের জাহাজটিতে ২৮টি বিলাসবহুল কামরার পাশাপাশি আধুনিক রেস্তোরাঁ, পানশালা, স্পা সেন্টারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

কাউখালী থেকে শনিবার বরিশালের উদ্দেশে যাবে জাহাজটি। এরপর ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন ওই পর্যটকরা। এরপর খালি জাহাজটি ফিরে যাবে ভারতে।

দীর্ঘ যাত্রার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় কাউখালীতে নোঙর করে প্রমোদতরীটি। শনিবার সকালে তরীটির পর্যটকরা কাউখালীর সন্ধ্যা নদীর পাশে সোনাকুর পাল পাড়ায় মৃৎ-শিল্পীদের গ্রাম পরিদর্শন, শ্রী গুরু কেন্দ্রীয় আশ্রম এবং স্থানীয় বাজার পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশানঘাট পরিদর্শন করেন।