বরিশালে টিসিবি’র পণ্য বিক্রিতে বাধা, আইনজীবীকে কারাদণ্ড

রূপালী ডেস্ক।।

বরিশালে টিসিবি’র পণ্য বিক্রিতে বাধা এবং ট্যাগ অফিসারকে মারধরসহ লাঞ্ছিত করায় মোঃ রবিউল ইসলাম রিপন নামে এক আইনজীবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০২ মে) বিকেলে নগরীর ২৭নং ওয়ার্ড সোনামিয়ার পুল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

দণ্ডপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন বরিশাল জজ কোর্টে আইন পেশায় কাজ করছেন এবং নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নগরীর ২৭নং ওয়ার্ড সোনামিয়ার পুল এলাকায় টিসিবির পণ্য বিপণনের ট্যাগ অফিসার সুবোধ মজুমদারকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে এবং বলপূর্বক মোবাইল ফোন কেড়ে নিয়ে তার পরিবারসহ পিতামাতাকে নিয়ে গালাগালি করে আইনজীবী রিপন।

এই ঘটনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আইনজীবী রিপনকে সরকারি কাজে বাধা প্রদান করায় দণ্ডবিধি বিধি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুসারে ৭ দিন বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন।

আরও জানা গেছে, রিপনের ভাই সোনামিয়ার পুল বাজার কমিটির সেক্রেটারি হওয়ার তাদের পরিবার বিভিন্নভাবে বাধা প্রদান করে আসছিল যেন টিসিবি পণ্য উক্ত বাজারে কমমূল্য বিক্রয় করতে না পারে।

গত সপ্তাহে রিপন দলবল নিয়ে টিসিবির ডিলারসহ ট্যাগ অফিসারকে মারপিট করে তাড়িয়ে দেয়।

মোবাইল কোর্ট ও দণ্ডের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা জানান, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশনায় ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আইনজীবী রিপনকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়৷