১৬ বছর পর শূন্য হলো একটি পদ

স্পোর্টস ডেস্ক।।
তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা শুরু ২০০৭ সালের ফেব্রুয়ারিতে। বুলাওয়েতে ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে শাহরিয়ার নাফীসের সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়েছিলেন তামিম ইকবাল। সেই ম্যাচে তামিমের ওপেনিং পার্টনার নাফীস ৬৯ রান করে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। আন্তর্জাতিক অভিষেকে তামিম করেছিলেন ৫ রান। শুরুটা বিবর্ণ হলেও সময়ের সঙ্গে দেশের সফলতম ব্যাটারদের একজন হয়ে ওঠেন। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে জাভেদ ওমর বেলিম থেকে শুরু করে ২২ জনের সঙ্গে ওপেনিংয়ে জুটি বেঁধেছিলেন তামিম।

বৃহস্পতিবার (০৬ জুলাই) চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের ঘোষণায় থেমে গেল ১৬ বছরের সাফল্য-ব্যর্থতার নানা গল্প।

এতদিন ওপেনিংয়ে তামিম ছিলেন ‘অটো’ চয়েস। তাঁর অবসরে শূন্য হয়ে গেল একটি পদ। শনিবার থেকেই তামিমের জায়গায় ওপেনিংয়ে দেখা যাবে নতুন কাউকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮৯ ম্যাচে ওপেনিংয়ে তামিম সঙ্গী হিসেবে পেয়েছেন এমন অনেকেই ফর্মহীনতার কারণে হারিয়ে গেছেন। এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ মিঠন, নাইম ইসলাম, নিজামউদ্দিন, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান ও সৌম্য সরকার বর্তমানে কক্ষপথের বাইরে।

এদের সঙ্গে নিয়ে ব্যাট হাতে অনেক কীর্তি গড়েছেন চট্টগ্রামের এ ক্রিকেটার। টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়ানডেতে লিটন কুমার দাসের সঙ্গে তাঁর ওপেনিং জুটিটা জমেছে বেশ। আর টেস্টে শেষ দিকে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি বাঁধতেও দেখা যায় তাঁকে।

বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই তামিম যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, তা অনেকেই ভাবতে পারেননি। ক্রিকেট-সংশ্লিষ্টদের ভাবনার মধ্যে রেখে দিয়ে তামিম হয়তো নিজেকে নিয়ে নতুন স্বপ্ন আঁকছেন।