আ.লীগ সভানেত্রীর কার্যালয় পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল। তিন সদস্যের প্রতিনিধি দলে আছেন এশা গুপ্তা, ড্যানিয়েল মারকে ও জিওফ্রে ম্যাকডোনাল্ড। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় কার্যালয়টি পরিদর্শনে আসে দলটি।

মার্কিন প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফট্যানেন্ট কর্নেল (অবঃ) ফারুক খান। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এরআগে, সোমবার (০৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন।

বুধবার (১১ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। একই দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও বৈঠক করেন তারা।

মার্কিন যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি গত শনিবার ঢাকায় আসে। দলটির আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে।