শচীনের বিদায়ী ম্যাচে কেঁদেছিলেন গেইল!

স্পোর্টস ডেস্ক।।

বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্য তম সেরা এক ব্যাটসম্যানের নাম শচীন টেন্ডুলকার। সমর্থকদের কাঁদিয়ে ২০১৩ সালের ১৫ নভেম্বর শেষবারের মতো ব্যাট হাতে ২২ গজে নেমেছিলেন মাস্টার ব্লাস্টার। তার বিদায়ে শুধু সমার্থকরাই নয় কেঁদেছিলেন মাঠে উপস্থিত ক্রিকেটাররাও। শচীন যখন ফিরছিলেন, প্রতিপক্ষ দলের এক বিখ্যাত ক্রিকেটার সানগ্লাসের আড়ালে চোখের জল লুকিয়েছিলেন। তিনি ক্রিস গেইল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ৭৬ রান করে প্রথম স্লিপে দাঁড়ানো ড্যারেন স্যামির হাতে ক্যাচ দিয়ে আউট হন।

ড্যারেন স্যামি ক্যাচটি তালুবন্দি করে বিশ্বাস করতে পারছিলেন না যে, শচীনের ২৪ বছরের ক্যারিয়ার তার হাত দিয়ে শেষ হয়ে গেল। বিষাদ ছুঁয়ে গিয়েছিল তাদের। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের বিদায় দেখে চোখ ভিজে গিয়েছিল ভয়ংকর ব্যাটসম্যান ক্রিস গেইলের। তার চোখে ছিল সানগ্লাস, তাই কান্নাভেজা চোখ দেখা যায়নি ক্যামেরায়। এতদিন পর সেই স্মৃতিচারণ করলেন গেইলের সতীর্থ কার্ক এডওয়ার্ডস।

ক্রিকট্র্যাকারকে এডওয়ার্ডস বলেছেন, শচীনের ২০০তম ম্যাচটিতে আমিও ছিলাম। তার বিদায়ী মুহূর্তে আমিও আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। ভাগ্যিস আমার চোখে চশমা ছিল। আমার পাশে গেইলও ছিল। আমরা দুজনই কান্না আটকে রেখেছিলাম। এটা সত্যিই খুব আবেগের মুহূর্ত ছিল। এমন একজন খেলোয়াড়কে আর কখনও খেলতে দেখা যাবে না, এই বিষয়টাই মানতে পারছিল না কেউ। সবাই খুব আপসেট হয়ে পড়েছিল।