আগৈলঝাড়ায় জমি দখল করে নেয়ার অভিযোগে আদালতে মামলা

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় ৬৫ বছরের ভোগ দখলীয় জমি জোর পূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় দুই পক্ষের মধ্যে রোববার জমির বিরোধ নিয়ে ঝগড়া হলে পুলিশী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করে। পরে এঘটনায় বরিশাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের মৃত মৌজে আলী মিয়ার ছেলে সেলিম মিয়ার পৈত্রিক সূত্রে পাওয়া জমি তারা ৬৫ বছর যাবৎ ভোগ দখল করে আসছে। একই এলাকার মৃত কালা মিয়ার ছেলে মোক্তার আলী সরদার ও তার ৪ ভাই ওই জমি নিজেদের দাবী করে দখল করতে গেলে সেলিম মিয়া বাঁধা প্রদান করে। এসময় বাকবিতন্ডার একপর্যায় প্রতিপক্ষের মোক্তার আলী সরদারের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভয়-ভীতি প্রদর্শন করে।

সেলিম মিয়া জানান, গত ৬৫ বছর যাবৎ আমরা শান্তি পূর্ণ ভাবে বাগধা গ্রামের বাগধা মৌজার জেএল নং-৯৯, ২২৬ খতিয়ানের এসএ-৭০২৯ দাগের ৭৮ শতাংশ জমি রেকর্ড মুলে ভোগ দখল করে আসছি। প্রতিপক্ষের মোক্তার গংরা দীর্ঘদিন পরে নিজেদের জমি দাবী করে জোর পূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এসময় আমরা বাঁধা দিলে আমাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।

প্রতিপক্ষের মোক্তার আলী সরদার জানান, আমার ভাতিজীর জমি এতোদিন তারা ভোগ দখল করে আসছিল। আমার ভাতিজীর নামে ওই জমির দলিল রয়েছে বলেও তিনি দাবী করেন।

এঘটনায় সেলিম মিয়া বাদী হয়ে রোববার বিকেলে বরিশাল আদালতে মামলা দায়ের করলে আদালতের বিচারক আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ারকে সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।

এব্যাপারে আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সংঘর্ষের আশংঙ্কায় জমির বিরোধ নিয়ে এক পক্ষ ৯৯৯ নম্বরে ফোন দিলে থানার উপপরিদর্শক মিল্টন মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়।