কাজিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

রূপালী ডেস্ক।।
বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিদ্যানন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রিয়াজ খাঁকে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানের নির্দেশক্রমে এসআই মেহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে ব্রীজ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে কাজিরহাট থানায় নিয়ে আসা হয়।

থানা সূত্রে জানা যায়, রিয়াজ খাঁ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, লতা ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ুন কবীর শাহীনকে হত্যা চেষ্টা ও বিস্ফোরণ সংক্রান্ত একটি চলমান মামলায় রিয়াজ খাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ ১৫ জানুয়ারি সকাল ৮টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান বলেন, “আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রিয়াজ খাঁ দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং তাকে নিয়ে এলাকায় নানা আলোচনা ও অভিযোগ রয়েছে।