আগৈলঝাড়ায় জোর পূর্বক জায়গা দখল করে ঘর উত্তোলনের অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় বিরোধীয় সম্পত্তিতে এক ব্যক্তির জায়গা জোর পূর্বক দখল করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাদীকে প্রতিপক্ষের জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ।

জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের মৃত. মাহাবুবুল হক ২০০৭ সালে ১৪ই মে নিজ বাড়িতে রেকর্ডীয় মালিক মধু খলিফার ছেলে মোহাম্মাদ খলিফার কাছ থেকে বাকাল মৌজার জেএল- ৮৬’র, এসএ- ১২৯১ খতিয়ানের ৫৪৪-৫৪৫ দাগের ৮শতাংশ জায়গা ক্রয় করেন। মাহাবুবুল হকের মৃত্যুর পরে ওই সম্পত্তির মালিক হন তার ছেলে দেলোয়ার চৌধুরীসহ ভাই বোনেরা।

দেলোয়ার চৌধুরীসহ তার ওয়ারিশরা বাড়িতে না থাকার সুযোগে একই এলাকার মৃত. মোমিন মোল্লার ছেলে বাবুল মোল্লা, আবুল মোল্লা, ভাগ্নে রাজিব মোল্লা ১৫ই ফেব্রুয়ারী জোরপূর্বক ওই জায়গা দখল করে ঘর উত্তোলন করেন। এঘটনায় দেলোয়ার চৌধুরী পুলিশ প্রশাসনকে জানালে এএসআই ইয়ার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনে বাঁধা প্রদান করেন।

এঘটনার পরে দেলোয়ার চৌধুরীকে মোবাইল ফোনে বাবুল মোল্লার ভাগ্নে রাজিব মোল্লা হুমকী ধামকীসহ জীবন নাশের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে বলে জানায় দেলোয়ার।

সরেজমিনে গেলে ওই বাড়ির ক্রয় সূত্রে মালিক সামচুল হক ফকির ও নুরুল হক ফকিরসহ এলাকাবাসী জানায়, দেলোয়ারের পিতা মাহাবুবুল হক ওই জায়গা ক্রয় ও ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে। দেলোয়ার ওই বাড়িতে জায়গা পাবেন। এঘটনায় ১৬ই ফেব্রুয়ারী দেলোয়ার চৌধুরী বরিশাল আদালতে মামলা দায়ের করেন, নং-২০। আদালত ওই বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃংখলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করে আগৈলঝাড়া থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

বাবুল মোল্লার ক্রয়কৃত জায়গা জাল দলিল দাবী করে দেলোয়ার চৌধুরীর মা রেনু বেগম ২০১৮ সালে বরিশাল জজ আদালতে একটি মামলা দায়ের করেন, যার নং-২৫৮।

এঘটনায় জায়গার মালিক দেলোয়ার চৌধুরী জানান, বাবুল মোল্লা ও আবুল মোল্লার অত্যাচারে আমরা ঠিকমত এলাকায় বসবাস করতে পারছিনা। তারা জোর করে আমাদের জায়গা দখল করে ঘর উত্তোলন করেছেন। বাঁধা দিতে গেলে হুমকি-ধামকি দেন। তারা গ্রামের সহজ-সরল, গরীব মানুষকে সুদে টাকা দিয়ে কিছুদিন পরে জায়গা জমি লিখে নেয় বলেও অভিযোগ রয়েছে।

এব্যাপারে অভিযুক্ত বাবুল মোল্লা বলেন, আমার ক্রয়কৃত জায়গার মধ্যে আমি ঘর তুলেছি, দেলোয়ার চৌধুরীর জায়গার মধ্যে নয়।

এব্যাপারে এএসআই ইয়ার উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘর উত্তোলনের পরে ওই জায়গায় আদালতের আদেশ অনুযায়ী শান্তি শৃংখলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।