আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় ২ বৃদ্ধকে পিটিয়ে আহত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় ঘরে ছাগল প্রবেশের অপরাধে ২ বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই দুই বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০৫ মার্চ) উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের ইউছুব আলী ঘরামীর ঘরে তার ভাই ছলেমান ঘরামীর একটি ছাগল প্রবেশ করে। পরে ছাগলটিকে মারধর করা হয়েছে এমন অজুহাতে তার ভাই ইউছুব আলী ঘরামীকে গালমন্দ করে। পরে দুই পক্ষের বাকবিতন্ডার একপর্যায় ছলেমান ঘরামী তার দুই ছেলে বায়জীদ ঘরামী ও বোরহান ঘরামী বৃদ্ধ ইউছুব আলী ঘরামী (৭০) ও তার স্ত্রী সুফিয়া বেগমকে (৬৫) পিটিয়ে মারধর করে।

ইউছুব আলী ঘরামীর ছেলে এনায়েত ঘরামী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে আমার বৃদ্ধ বাবা-মাকে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এর আগেও কয়েকদফা আমার বাবা-মাকে মারধর করেছে প্রতিপক্ষের ছলেমান বেপারী।
এসময় স্থানীয় বৃদ্ধ ইউছুব আলী ঘরামী ও তার স্ত্রী সুফিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রতিপক্ষের ছলেমান ঘরামী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার একপর্যায় একটু হাতাহাতি হয়েছে। এটা ভুল বুঝাবুঝি হয়েছে। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ জানান, আহত দুই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসলে তাদের চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।