আগৈলঝাড়ায় নিখোঁজের ৫ঘন্টা পর সন্ধ্যা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজের ৫ঘন্টা পর সন্ধ্যা নদী থেকে আব্দুল্লাহ হাওলাদার নামে ১২ বছরের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের সুমন হাওলাদারের ছেলে ও ৭ম শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ হাওলাদার ঢাকা থেকে ১০দিন পূর্বে আগৈলঝাড়ার পশ্চিম পয়সা গ্রামের নানা সিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার দুপুরে সন্ধ্যা নদীতে রোজাদার আব্দুল্লাহ হাওলাদার ও নানা বাড়ির প্রতিবেশি হামিম ও আশিকের সাথে গোসল করতে নামেন। তিন জনের মধ্যে দুই জন গোসল করে নদী থেকে উপরে উঠলেও আব্দুল্লাহ হাওলাদার নিখেঁাজ হয়ে যায়। স্থানীয় ও পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুজি করে না পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ১০ সদস্যর একটি দল খোঁজাখুজি করে সন্ধ্যার সময় নদী থেকে স্কুলছাত্র আব্দুল্লাহ’র লাশ উদ্ধার করে বলে জানান ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।