আগৈলঝাড়ায় বৃষ্টির পানি নিয়ে সংঘর্ষে আহত ৪

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় জমির সীমানা ও ঘরের চালার বৃষ্টির পানি পুকুরে পড়াকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার আহুতিবাটরা গ্রামের দিনমজুর ছালাম বেপারীর পুকুরে বাড়ির পাশে রহিম খন্দকারের ঘরের চালার বৃষ্টির পানি পরে পুকুর পাড় ভেঙ্গে যাওয়ার ঘটনায় বাঁধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

দিনমজুর ছালাম বেপারী জানান, একই এলাকার আমার বাড়ির সীমানা সংলগ্ন হানিফ খন্দকারের ছেলে রহিম খন্দকার একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস করছে। কিন্তু বৃষ্টির সময় সেই ঘরের চালের পানি আমার পুকুরে পড়ে। আমি আমার পুকুরে যাতে পানি আসতে না পারে সেজন্য একটি নালা খনন করি। তখন রহিম খন্দকার, তার জামাতা শামিম ভুইয়া, তার ভাই নঈম ভুইয়া, ভাইর মেয়ে জোসনা বেগম, ভাইর স্ত্রী হোসনে আরা বেগমের নেতৃত্বে আমাদের উপর হামলা চালায়।

তখন তাদের হামলায় ছালাম বেপারী (৫৫), তার স্ত্রী সালেহা বেগম (৪০), মেয়ে বিলকিস আক্তার ও ইমা খানম গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় ছালাম বেপারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।