আগৈলঝাড়ায় সেতু আছে সংযোগ সড়ক নেই

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় একটি খালের ওপর সেতু নির্মাণ করলেও সেতুর সামনে নেই সড়ক। এ জন্য সেতু নির্মাণের সুফল পাচ্ছে না গ্রামবাসী। সেতুটির জন্য দ্রুত সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের।

ইউনিয়ন চেয়ারম্যান জানিয়েছেন, সেতুটির জন্য সযোগ সড়ক নির্মাণ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা-ভদ্রপাড়া খালের উপর পূর্বসুজনকাঠি শানুহার গ্রামে গত দেড়বছর পূর্বে একটি সেতু নির্মিত হয়। ইউনিয়ন পরিষদের অধীনে এই সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেতুটি নির্মাণ করার পরে এক বছর পেরিয়ে গেলেও এখনো সেতুর সামনে কোনো সড়ক নির্মাণ করা হয়নি। সরকারি অর্থ খরচ করে এই সেতুটি নির্মাণ করা হলেও স্থানীয় জনগণ তার কোনো সুফল পাচ্ছে না। এতে করে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয়রা দ্রুত সেতুটির জন্য একটি সড়ক নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা চিত্ত ঘরামী বলেন, সেতুটি একবছর আগে নির্মাণ করা হয়েছে। এখানে সেতু আছে কিন্তু সড়ক নেই। আমরা চাই দ্রুত যেন সড়কটি নির্মাণ করা হয়।

গৈলা গ্রামের মামুন সরদার বলেন, এই সেতুর দুই পাশের সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করা হলে কয়েক হাজার মানুষ সেতুটি ব্যবহার করে চলাচল করতে পারবে।

স্থানীয় গৌরাঙ্গ মন্ডল জানান, নির্মাণের পর দেড় বছর কেটে গেলেও সেতুর দুই পাশে মাটি ভরাট করা হয়নি। আবার নির্মিত হয়নি সেতুতে উঠা নামার সংযোগ সড়কও। তাই খালের উপর ঠায় দাঁড়িয়ে রয়েছে সেতুটি।

গৈলা গ্রামের বাসিন্দা রিপন সরদার, ব্যবসায়ী রুহুল সরদার বলেন, সংযোগ সড়কটি স্থাপন করে সেতুটি চলাচলের উপযোগী করা হলে আমরা সহজেই রথখোলা-ভদ্রপাড়া সড়ক ব্যবহার করে উপজেলা সদরে যাতায়াত করতে পারতাম। জনদুর্ভোগ কমে আসত।

সেতুর সংযোগস্থলে মাটি ভরাট না করায় এবং সংযোগ সড়ক না থাকায় অকেজো হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদ থেকে নির্মিত এই সেতুটি। ফলে মানুষের দৈনন্দিক কাজ কর্মে চরমভাবে ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে প্রায় ২ গ্রামের কয়েক হাজার মানুষ।

এ ব্যাপারে গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, অর্থ সংকটের কারণে সড়কটি নির্মাণ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। সড়কটি নির্মাণের জন্য বিকল্পভাবে অর্থ বরাদ্দ করে জনগনের চলাচলের জন্য সেতুর দুই পাশের সড়ক নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।