আগৈলঝাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক কারাগারে

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষক স্ত্রীকে যৌতুকের জন্য অমানুষিক নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত স্বামীকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের জোবারপাড় গ্রামের গৌরাঙ্গ হালদারের মেয়ে ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মনিকা হালদারের সাথে সরবাড়ি গ্রামের নারায়ন অধিকারীর ছেলে ও আস্কর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের (বিদ্যালয় শাখার) শরীরচর্চা শিক্ষক দীপক অধিকারীর সাথে ১৩ বছর পূর্বে সামাজিকভাবে তার বিয়ে হয়।

শিক্ষিকা মনিকা হালদার জানান, বিয়ের পর থেকে নিজের উপার্জিত অর্থ স্বামী দীপকের হাতে তুলে দিয়েছি। সেই টাকা দিয়ে স্বামীর বাড়িতে সুরম্য ভবন (বিল্ডিং) নির্মান করা হয়। এর পরেও পুনরায় টাকার জন্য আমাকে নির্যাতন শুরু করেন শিক্ষক স্বামী দীপক অধিকারী।

এ ঘটনায় শিক্ষক স্ত্রী মনিকা হালদার বাদী হয়ে মঙ্গলবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দুপুরে উপপরিদর্শক মিলটন মন্ডল অভিযান চালিয়ে শিক্ষক স্বামী দীপক অধিকারীকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত স্বামী শিক্ষক দীপক অধিকারীকে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।