আফগানিস্তানে কেটে নেওয়া হচ্ছে পুতুলের মাথা

আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানে ম্যানিকুইন বা পুতুলের মাথা কেটে নিচ্ছে এক ব্যক্তি। এমন এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি তালেবান শরিয়া আইনের লঙ্ঘন হচ্ছে এমন বার্তা দিয়ে নতুন নির্দেশনা দেয়। সিধান্ত নেওয়া হয়, দেশটির হেরাত রাজ্যের কাপড়ের দোকানে রাখা সকল ম্যানিকুইন বা পুতুলের মাথা কেটে দিতে হবে।

বুধবার (০৫ জানুয়ারি) আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান আজিজ রহমান এএফপি’কে বলেন, শরিয়া আইনের লঙ্ঘন হচ্ছে তাই আমরা দোকানদারদের নির্দেশ দিয়েছি পুতুলের মাথা কেটে ফেলতে।

তিনি আরো বলেন, তারা যদি শুধু পুতুলের মাথা বা পুরো পুতুল ঢেকে রাখে তাহলে আল্লাহর ফেরেসতা তাদের দোকানে বা বাড়িতে প্রবেশ করবে না এবং তাদের মঙ্গল করবে না।

আজিজ রহমান বলেন, ইতোমধ্যে অনেক দোকানদার প্রাথমিকভাবে পুতুলের মাথা প্লাস্টিকের ব্যাগ বা স্কার্ফ দিয়ে ঢেকে রাখছে।

এর আগে দেশটির পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে নির্দেশ দেয় হেরাতের সকল দোকান থেকে সব পুতুল সরিয়ে নিতে। কিন্তু ব্যবসায় ইতোমধ্যে খারাপ সময় যাচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ জানায়। এতে তালেবান নির্দেশনা দেয়, পুতুলগুলোর শিরশ্ছেদ করতে।

দেশটির ইসলামিক কর্মকর্তারা এসব জিনিসকে ‘মূর্তি’ হিসেবে রায় দিয়েছে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর গাড়িতে গান শোনা, নারীদের একা একা দূরে যাওয়া, টিভিতে নারী উপস্থাপনের বোরকা ছাড়া উপস্থিতি নিষিদ্ধ করেছে। তথ্যসূত্র-এনডিটিভি, আল জাজিরা।