আমাদের বাঁচাতে দয়া করে হস্তক্ষেপ করুন: ইউক্রেনের সংসদ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের পার্লামেন্টের এক সদস্য বলেছেন, কয়েকটি শহরে হামলা শুরু হওয়ার পর এখন আর সেখানে নিরাপদ কোনো শহর নেই। ইন্না সভসং নামের এই এমপি টুইটারে এ মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসির সঙ্গে আলাপে তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেছেন, গত দুই সপ্তাহ ধরে আমরা খুব কমই দিনে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পেরেছি। অবশ্যই আমরা আমাদের সন্তানদের জীবন নিয়ে আতঙ্কের মধ্যে আছি, কিন্তু আমাদের তেমন কিছু করার নেই। আমরা আত্মসমর্পণ করব না, তাদের দখল করতে দেব না। তিনি বলেন, পরিস্থিতি যতই ভয়ংকর হোক আমরা লড়াই চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, আমাদের এখন আর লড়াই করা ছাড়া আর কোন বিকল্প নেই। পশ্চিমা পক্ষগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পুতিনের আগ্রাসন থামানোর জন্য যথেষ্ট, এমনটি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন ?তিনি। ইন্না সভসং বলেন, বিশ্বের কাছে হাতজোড় করে বলছি, অনুগ্রহ করে হস্তক্ষেপ করুন। অনুগ্রহ করে আমাদের পুরো দেশকে ধ্বংস করতে ও আমাদের সবাইকে হত্যা করতে দিয়েন না তাদের। কিছুতেই এটা আমাদের প্রাপ্য না।

শুক্রবার (১১ মার্চ) ইউক্রেনে ‘সর্বাত্মক হামলার’ তৃতীয় সপ্তাহে এসে রাশিয়া তাদের আক্রমণের তালিকায় কয়েকটি নতুন শহরকে যুক্ত করেছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর লুটস্কের একটি বিমানক্ষেত্র ও একটি জেট ইঞ্জিন ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে তারা।