ইউক্রেন যুদ্ধ: সিরিয়ার ভাড়াটে সেনা নিয়োগ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার ভাড়াটে সেনাদের নিয়োগ করছে রাশিয়া। এসব যোদ্ধারা শহরের ভেতরে লড়াইয়ে দক্ষ। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সিরিয়ার কতজন ভাড়াটে যোদ্ধা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে সম্মত হয়েছে তা সংবাদমাধ্যমটিকে জানাননি গোয়েন্দা কর্মকর্তারা।তবে কিছু যোদ্ধা ইতোমধ্যে রাশিয়ায় ঢুকেছে এবং ইউক্রেনে মোতায়েনে যুদ্ধের প্রস্তুতিনিচ্ছে।

সিরিয়ার দেইর ইজ্জোর প্রকাশনার তথ্য অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া থেকে স্বেচ্ছাসেবকদের দুইশ থেকে তিনশ মার্কিন ডলারের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই চুক্তিটি প্রাথমিক অবস্থায় ছয় মাসের জন্য।যদিও মার্কিন কর্মকর্তাদের এমন অভিযোগের প্রতিক্রিয়া দেখায়নি মস্কো।

রুশ কর্মকর্তাদের বিশ্বাস, সিরিয়ার গৃহযুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে শহরে যুদ্ধের লড়াইয়ে দক্ষ হয়ে ওঠা সিরীয় যোদ্ধাদের ইউক্রেনে মোতায়েন করা গেলে রাজধানী কিয়েভসহ পূর্ব ইউরোপের এই দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে সুবিধা হতে পারে মস্কোর।

এদিকে ইউক্রেনের পক্ষে সমর্থন দিচ্ছে ইসরায়েল। দেশটির প্রবীণ সামরিক যোদ্ধারা ইউক্রেনের পক্ষে লড়াই করছে বলে খবর পাওয়া গেছে। সূত্র-বিবিসি।