এখনও সেমি’র স্বপ্ন দেখছে নেদারল্যান্ডস!

স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় হার দেখে ফেলেছে নেদারল্যান্ডস। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছে তারা। তবুও সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক। অস্ট্রেলিয়ার কাছে সবচেয়ে বড় হারের পর তিনি বলছেন, ‘সেমিফাইনাল বেশি দূরে নয়।’

বুধবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৯ রানের ব্যবধানে হেরেছে ডাচরা। এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে এটিই সবচেয়ে বড় রানের ব্যবধানে পরাজয়। এর আগে এবারের বিশ্বকাপে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার কাছেও হেরেছে তারা। একমাত্র জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বিশ্বকাপে অঘটন ঘটানোর পর তাদের আত্মবিশ্বাস বেড়েছে অনেকখানি। এখনো সেমিফাইনালকে বেশি দূর মনে করছেন কোচ কুক।

বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে কুক বলেছেন, ‘সামনে আমাদের যাদের সাথে খেলা রয়েছে তাদের সবার বিপক্ষে ঘুরে দাঁড়াতে সক্ষম। এখনো ৪টি ম্যাচ বাকি আমাদের। যতগুলো ম্যাচ সম্ভব আমরা জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করব। বিশ্বকাপ শুরুর সময় থেকেই বলে আসছি, আমরা সেমিফাইনালে খেলার জন্য এগিয়ে যাব। এই মুহূর্তেও মনে হচ্ছে, সেমিফাইনাল খুব বেশি দূরে নয়।’

‘এটা ঠিক যে, সামনের ম্যাচগুলোতে যেন জিততে পারি সেজন্য আমরা ভালো করে প্রস্তুতি নেব। আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। পরের ম্যাচগুলোতে আমরা আরও অনেককিছু শিখতে পারবো। আমি বিশ্বাস করি, আমাদের ক্রিকেটাররা এই হতাশাজনক অবস্থা থেকে বের হয়ে আসবে। এই ম্যাচের আগে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) আমরা একটি ভালো খেলার কথা বলেছিলাম। যদিও আজকে (বুধবার) আমরা সেরকম ভালো খেলতে পারিনি’- কুক যোগ করেন।

ডাচ কোচ আরও বলেন, ‘আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেটি আসলে মাঠে হয়ে উঠেনি। আগের ম্যাচগুলোতে আমরা যেমনটা দেখেছি, আজকের ম্যাচে সেটি হয়নি। অস্ট্রেলিয়ার মতো দলের সাথে আমাদের আরও ভালো খেলা দরকার ছিল।’