এমনিতেই ছোট সড়ক, তার ওপর বালু

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার নীমতলা বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে আগৈলঝাড়া-বরিশাল মহাসড়কের উপর ভবনের নির্মাণ সামগ্রী বালু রেখে দেয়ায় দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরা। গত পাঁচ দিন যাবৎ সড়কের উপর বালু ফেলে রাখায় দুর্ঘটনাসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীর। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই যত্রতত্র বালু ফেলে রাখছেন ভবন মালিকরা। আইন অনুযায়ী সড়কে ইট, বালু, সিমেন্ট ও পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা অপরাধ। কিন্তু তারপরও এ বিধান কেউ মানছেন না। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসছে উপজেলার সর্বত্র।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার আগৈলঝাড়া-বরিশাল মহাসড়কের নীমতলা বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে স্থানীয় ব্যবসায়ী জলিল হাওলাদার গত পাঁচ দিন যাবৎ মহাসড়কের উপর ভবনের নির্মাণ সামগ্রী বালু রেখে দেয়ায় দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরা। সড়কের উপর এমন ভাবে বালু রাখা হয়েছে অন্য একটি লিংক সড়কের পুরোটা জুড়েই বালু রাখা হয়েছে। যার কারনে নবযুগ, মধ্যশিহিপাশা গ্রামের কয়েক হাজার লোকজনের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। এমন ভাবে বালু গুলো রাখা হয়েছে একটি যেতেও এখন অনেক কষ্ট হয়।

স্থানীয় জাকির হোসেন অভিযোগ করেন এ সড়কে দীর্ঘদিন যাবৎ নির্মাণ সামগ্রী রেখে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে করে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। শুধু তাই নয়, মাঝে মধ্যে এ কারণে ফাঁকা রাস্তায় প্রায়ই যানজট লেগেই থাকে। এরপরও নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। ব্যবস্থা না নেয়ায় এমন ঘটনা ঘটছে বলে অনেকেই অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা তায়েব সরদার, আবুল কালাম, আব্দুল হান্নান বেপারী জানান, একটি সড়কের উপর পাঁচ দিন যাবৎ বালু রাখলে চলাচলে আমাদের যে কতোটা ভোগান্তি তা বলে বোঝানো যাবে না। এমনিতেই আমাদের ছোট সড়ক তারপর আবার সড়কের মুখে এমন ভাবে বালু রেখেছে একটি ভ্যান গাড়ি যেতে অনেক কষ্ট হয়। যে কারনে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে। এমনকি প্রায় সময় দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

এ বিষয়ে জলিল হাওলাদার জানান, সড়কের উপরে মালামাল রেখে কাজ করা হচ্ছে এ কথাটি সত্যি নয়। সবসময় মালামাল নেয়ার গাড়ি না পাওয়ায় হয়তো একটু দেরি হয়েছে। সড়কের উপরের রাখা বালু দ্রুতই সরিয়ে নেয়া হবে।