ওজু করতে গিয়ে পা পিছলে পুকুরে, লাশ ভেসে উঠল সকালে

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে মুনতাসির মো. নাঈম নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকার আরিফুল ইসলামের ছেলে।

মুনতাসিরের বাবা আরিফুল ইসলাম জানান, বুধবার (০৯ মার্চ) মাগরিবের আগে থেকেই নাঈমকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না যাওয়ায় লোহাগাড়ায় থানায় ডায়েরি করা হয়। প্রতিদিন সে মসজিদে যেত। ওই দিন মাগরিবের নামাজের জন্য অজু করতে গিয়ে মসজিদের পুকুর ঘাটে পা পিছলে পুকুরে ডুবে যায়। এতে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে পুকুরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে বাড়িতে খবর দেন।

লোহাগাড়া থানার এসআই নুরুন নবী জানান, ছেলেটি ওজু করতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।