ওয়ার্ড নেতার নাম প্রচার না করায় প্রতিবেদকের উপর হামলা

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদককে বেদম মারধরের অভিযোগ উঠেছে পৌর ওয়ার্ড ছাত্রলীগ নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। বিজয় দিবসের অনুষ্ঠান নিউজ পোর্টালে লাইভ প্রচারের সময় পৌসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেল হাওলাদারের নাম না প্রচার করার জের ধরে শনিবার বিকেলে টরকী বন্দর হাই স্কুল রোডস্থ সাংবাদিক মোল্লা ফারুক হাসানের দোকান থেকে তুলে নিয়ে প্রকাশ্যে তাকে বেদম মারপিট করেছে বলে দাবি আহত সাংবাদিকের। হামলায় তার ডান পা, মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। গুরুতর আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বরিশাল মেট্রো নামে একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক। টরকী বন্দর হাইস্কুল রোডে স্মার্ট কম্পিউটার সেন্টার নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

চিকিৎসাধীন সাংবাদিক মোল্লা ফারুক হাসান জানান, শুক্রবার সকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান বরিশাল মেট্রোর অনলাইনে লাইভ প্রচার করেন তিনি। প্রচারের সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর মেয়রসহ সিনিয়র নেতৃবৃন্দের নাম উল্লেখ করেন। ওই লাইভে নিজের নাম প্রচার না করার অজুহাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদার ও তার সহযোগী শামীম দেওয়ানসহ ৬ থেকে ৮ জন শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ফারুককে দোকান থেকে তুলে টেনে হিঁচড়ে স্কুল রোডে নিয়ে বেদম মারপিট করে। তার আত্মচিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে আহত ফারুক প্রানে রক্ষা পায়। হামলায় তার ডান পা, মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। খবর পেয়ে সহকর্মীরা ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদিউজ্জামান খান সবুজ ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী বাবুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এর বিচার না হলে আগামীতে অন্য সাংবাদিকরাও আক্রান্ত হতে পারেন বলে তাদের আশংকা।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বালু ভরাটে ব্যবসা করে আসছি। সাংবাদিক ফারুক আমার কাছে চাঁদা দাবি করেছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া জানান, রাশেদ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি। সাংবাদিক ফারুকের ওপর হামলার খবর পেয়ে আমরা হাসপাতালে সাংবাদিক ফারুককে দেখতে গিয়াছিলাম। তদন্ত সাপেক্ষে রাশেদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, হামলার ব্যাপারে সাংবাদিক মোল্লা ফারুক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে ও পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য রোববার সকালে উপজেলা প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ফারুকের উপর সন্ত্রাসী হামলার তীবৃ নিন্দা ও প্রতিবাদ জানায়।