কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ১০ বসত ঘর বিধ্বস্ত

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৪ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত ও ৬ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল রাতে নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।

আকস্মিক কাল বৈশাখী ঝড়ে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লার বসত ঘর, নেছার ফকিরের ঘর, সোবহান মোল্লার ঘর ও শহীদ মোল্লার ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। আরও অন্তত ৬ টি বসতর ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

ক্ষতিগ্রস্থ সোবহান মিয়া জানান, আমরা মূলত মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাতে এক মূহুর্তের ঝড়ে আমারা ঘর পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন আমার পরিবারের সদস্যদের নিচে খোলা আকাশের নিচে আছি।

অপর ক্ষতিগ্রস্থ নেছার ফকির জানান, কাল বৈখাশী ঝড় আমার ঘর কেড়ে নিছে। আমি অত্যন্ত গরীব মানুষ। এখন পোলাপাইন নিয়া বসবাস করার কোন যায়গা নাই।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া জানান, ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে আর্থিক সহায়তা প্রদান করা হইবে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি শুনছি । এখন চেয়ারম্যান সাথে যোগাযোগ করে ওই পরিবার গুলোকে সাহায্য ও সহযোগিতা করা হবে।