কাউখালীতে ইউপি নির্বাচনে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৭ই জুলাই। দিন যতই যাচ্ছে ততই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের হিরিক পড়েছে। এ পর্যন্ত চারজন প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের শোকজ করা হয়েছে। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে তাদের স্বপক্ষে ভোট নেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোট চাচ্ছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট ভিক্ষা চাচ্ছে প্রার্থীরা। বর্ষা মৌসুমে বৃষ্টির ভিতর ভিজেও প্রার্থীরা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মিছিল মিটিং সভা সমাবেশ সহ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছে। অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মেম্বার পদে ৩৬ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে ১০ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে এলাকাবাসী ধারণা করেন। ঝুঁকিপূর্ণ ওয়ার্ড গুলো হল ১ নং, ৪ নং, ৮ নং ও ৯ নং ওয়ার্ড।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান সোহাগ হাওলাদার জানান, ইতিমধ্যে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। নির্বাচন সুষ্ঠ ও স্বচ্ছ হবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

উল্লেখ্য ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজী সিদ্দিকুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।